১৯৭১ সালে ভয়াল ২৫ মার্চের সেই নৃশংস গণহত্যা স্মরণে আজ বুধবার সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালনের নির্দেশনা থাকলেও সেই কর্মসূচি এবার পালন করা হবে না।
মঙ্গলবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
তবে কেন তা পালন করা হবে না সেই বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বর সামরিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক গণহত্যা চালিয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনী ২৫ মার্চ রাতের আঁধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ঢাকাজুড়ে হত্যাযজ্ঞ চালিয়েছিল।
প্রসঙ্গত, গত আওয়ামী লীগ সরকারের সময়ে কালরাতের স্মরণে ২৫ মার্চ এক মিনিট প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি চালু করা হয়। এছাড়াও গত বছর রাত ১০টা থেকে ১০টা এক মিনিট পর্যন্ত প্রতীকী ব্ল্যাক-আউট পালন করা হয়।