বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

আশুলিয়ায় বাসে আগুন: বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৭৩ Time View

সাভারের আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি এলাকায় বিকাশ পরিবহনের একটি বাসে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় ৬ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাদের সবাই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। ঘটনাস্থলের ভিডিও ‍চিত্র দেখে আসামীদের চিহ্নিত করা হয়েছে বলে জানায় পুলিশ।মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে পাঠানো হয়।

এর আগে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো আব্দুল্লাহিল কাফী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খান সহ অন্যান্য কর্মকর্তারা।

গ্রেপ্তারকৃতরা হল- ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪৪), ঢাকা জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান (৪৭), ঢাকা জেলা বিএনপির সদস্য মো. মুমিনুল ইসলাম (৪৫), ধামরাই পৌর ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস (২২), সাভার থানা যুবদলের সদস্য মোঃ সুজন (৩৪) ও ধামরাই থানা যুবদলের সদস্য মোঃ রাজীব হোসেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলের ভিডিওতে শহিদুল ইসলাম, সুরুজ্জামান ও অপূর্ব চন্দ্র দাসকে স্পষ্টভাবেই চিহ্নিত করা গেছে। পরে গত ৫ আগস্ট তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দেয়া তথ্যেমতে ৭ আগস্ট বাকি ৩ জনকে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ভিডিও দেখে অনেক আসামীকেই চিহ্নিত করা গেছে। তাদের মধ্য থেকে প্রথমে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও ৩ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদ করলে তারা নাশকতার সাথে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে। এ ঘটনার সাথে আরও কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত চলছে এবং জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য যে, গত ২৯ জুলাই বিকাল সাড়ে ৩ টার দিকে আশুলিয়ার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় বিকাশ পরিবহনের একটি বাস ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা। পরে ৩২ জনের নামসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত বাসের চালক আনোয়ার হোসেন। ওই দিন ঢাকার প্রবেশমুখে বিএনপি অবস্থান কর্মসূচী পালন করেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category