হঠাৎ ঝড়ে ঘরবাড়ি ভেঙে অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে ও বুধবার (২২ মার্চ) সকালে হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে ৬ শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ উপড়ে ও বিদ্যুতের সঞ্চালন লাইনে ভেঙে পড়ায় উপজেলাগুলোর বেশ কয়েকটি এলাকা যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।কুলাউড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শিমুল আলী বলেন, মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই ঝড় শুরু হয়। উপজেলার কুলাউড়া, টিলাগাঁও, হাজীপুর, পৃথিমপাসা, জয়চণ্ডী ও রাউতগাঁও ইউনিয়নের কয়েকটি গ্রামে ঝড়ে বাঁশ ও টিনের তৈরি প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি উপড়ে গেছে।এতে দেড় শতাধিক নিম্ন আয়ের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার অনেক বাড়ির টিনের চালা উড়ে গেছে। ঘর ভেঙে পড়ায় অনেককে এখন খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে।
টিলাগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক বলেন, আমার ইউনিয়নের বালিয়া, নয়নপুর, শাহপুর ও আমানিপুর গ্রামের মানুষ ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে ১২টি পরিবারের টিন-বাঁশ-মাটির ঘর উপড়ে গেছে বলে খবর পেয়েছি। এছাড়া আরও কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।