সোমবার, ১১ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

শনিবার সারা দেশে ৬৬টি পদযাত্রা করবে বিএনপি

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৬ Time View

আগামী শনিবার (২৫ ফেব্রুয়ারি) সারা দেশে ৬৬টি জায়গায় ‘পদযাত্রা’ করবে বিএনপি। ওই দিন বিএনপির সঙ্গে সরকারবিরোধী বিভিন্ন দল ও জোটও জেলায় জেলায় যুগপৎভাবে এ কর্মসূচি পালন করবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরাসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

বিদ্যুৎ-গ্যাস, চাল-ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, দমন-নিপীড়ন বন্ধ করা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ‘গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা’ দাবিতে এ পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচি সফল করতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়সহ সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া জেলা পর্যায়ের এ কর্মসূচি সমন্বয় করতে বিভাগীয় সাংগঠনিক, সহসাংগঠনিক সম্পাদকদের প্রতি কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় নেতারা কে কোন জেলার কর্মসূচিতে অংশ নেবেন, তার তালিকা করে দেওয়া হয়েছে।

ঢাকা জেলার একটি কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মানিকগঞ্জে, গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে, আবদুল মঈন খান নারায়ণগঞ্জে, ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান টাঙ্গাইলে, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ মুন্সিগঞ্জে পদযাত্রায় অংশ নেবেন।

চাঁদপুরে দলের বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, ব্রাহ্মণবাড়িয়ায় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, ময়মনসিংহ দক্ষিণে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামালপুরে ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, নেত্রকোনায় চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, ময়মনসিংহ উত্তরে সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ, শেরপুরে জলবায়ুবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান থাকবেন।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম উত্তর জেলায় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বান্দরবানে শামসুজ্জমান দুদু, চট্টগ্রাম দক্ষিণ জেলায় চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, নোয়াখালীতে ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ফেনীতে চেয়ারপারসনের উপদেষ্টা ভিপি জয়নাল, রাঙামাটিতে সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, খাগড়াছড়িতে চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাসির উদ্দীন, লক্ষ্মীপুরে প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, কক্সবাজারে কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল অংশ নেবেন।

বরিশাল বিভাগের বরগুনায় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বরিশাল উত্তর জেলায় জয়নুল আবেদীন, দক্ষিণ জেলায় যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, পিরোজপুরে সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, পটুয়াখালীতে আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, ভোলায় কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, ঝালকাঠিতে স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত থাকবেন।

রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, পাবনায় শাহজাহান মিয়া, বগুড়ায় চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, রাজশাহীতে যুগ্ম মহাসচিব হারুন-অর-রশিদ, চাঁপাইনবাবগঞ্জে চেয়ারপারসনের উপদেষ্টা কর্নেল (অব.) আবদুল লতিফ, নাটোরে সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, জয়পুরহাটে কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল ও সিরাজগঞ্জে কেন্দ্রীয় ত্রাণবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন থাকবেন।

রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ে চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দিনাজপুরে ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, গাইবান্ধায় যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, রংপুরে চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার, পঞ্চগড়ে আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নওশাদ জমির, লালমনিরহাটে সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব, কুড়িগ্রামে কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান, সৈয়দপুরে গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান বাবু, নীলফামারীতে আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা উপস্থিত থাকবেন।

ফরিদপুর বিভাগের রাজবাড়ীতে কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসিম, ফরিদপুরে সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মাদারীপুরে চেয়ারপারসনের উপদেষ্টা জহুরুল ইসলাম শাহজাদা মিয়া, খুলনা বিভাগের মাগুরায় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যশোরে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, নড়াইলে মামুন আহমেদ, মেহেরপুরে অনিন্দ্য ইসলাম অমিত, কুষ্টিয়ায় গণশিক্ষাবিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়া, খুলনায় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী, সাতক্ষীরায় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম, বাগেরহাটে শিক্ষাবিষয়ক সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম, ঝিনাইদহে মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, চুয়াডাঙ্গায় মানবাধিকারবিষয়ক সহসম্পাদক সৈয়দা আসিফা আশরাফী অংশ নেবেন।

এ ছাড়া সিলেট বিভাগের হবিগঞ্জে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজারে চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক, সিলেটে চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও সুনামগঞ্জে সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category