মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

পোশাক খাতের অস্থিরতা নিয়ে সংসদে আলোচনা না থাকায় ক্ষোভ জামায়াত এমপির

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

পটুয়াখালী-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট নিয়ে সংসদে আলোচনার সুযোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, জাতীয় গুরুত্বপূর্ণ এই বিষয়টি বারবার আলোচনার বাইরে রাখা হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ ক্ষোভ জানান। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রশ্নোত্তর পর্ব শেষে ফ্লোর নিয়ে শফিকুল ইসলাম মাসুদ বলেন, তিন দিন আগে সংসদের কার্যপ্রণালিতে তৈরি পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে আলোচনার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তবে নির্ধারিত আলোচনার তালিকায় থাকা সত্ত্বেও সেদিন বিষয়টি বাদ দেওয়া হয়। পরে জানানো হয়েছিল, পরবর্তী রোববার এ নিয়ে আলোচনা হবে। রোববারও কার্যপ্রণালিতে বিষয়টি দেখে আলোচনার অপেক্ষায় ছিলেন তারা। কারণ, এটি শুধু সরকার বা বিরোধী দলের বিষয় নয়, বরং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট একটি ইস্যু।

তিনি আরও বলেন, কিন্তু রোববার রাত পৌনে ৮টার দিকে সংসদের অধিবেশন মুলতবি বা সমাপ্ত করার ঠিক আগে বিষয়টি কার্যতালিকা থেকে সরিয়ে দেওয়া হয়। সোমবারও সংসদের কার্যপ্রণালিতে এ বিষয়ে আলোচনার কোনো উল্লেখ পাওয়া যায়নি।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, বর্তমান পরিস্থিতিতে তৈরি পোশাকশিল্প থেকে ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন, বিদেশি ক্রেতারা সফর বাতিল করছেন। এতে দেশের প্রায় দেড় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি এ খাতের ব্যবসা ভিয়েতনাম, ভারত ও নেপালের মতো প্রতিযোগী দেশগুলোতে চলে যাচ্ছে। এমন গুরুত্বপূর্ণ একটি জাতীয় ইস্যু বারবার উপেক্ষা করা হচ্ছে এবং এ নিয়ে আলোচনার সুযোগ দেওয়া হচ্ছে না।

সরকারি দলের প্রতি প্রশ্ন রেখে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, দেশের এমন সংকটময় পরিস্থিতি নিয়ে সরকার পক্ষ থেকেই প্রথমে আলোচনার উদ্যোগ নেওয়া উচিত ছিল। অথচ বিরোধী দলের পক্ষ থেকে বারবার বিষয়টি উত্থাপনের পরও আলোচনার সুযোগ মিলছে না। তারা কেন এমন বৈষম্যের শিকার হবেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এ সময় স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল তার বক্তব্যে হস্তক্ষেপ করে বলেন, ‘মাননীয় সদস্য, এটি কোনো বৈষম্য নয়, আপনি বসুন। এই ১৪৭ ধারার প্রস্তাবের ইনিশিয়েটর যিনি, সেই মাননীয় সদস্য নাজিবুর রহমান সাহেবের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ধন্যবাদ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category