মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

বালু ব্যবসার বিরোধে স্বেচ্ছাসেবক দল নেতা জামানকে কুপিয়ে হত্যা

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

ময়মনসিংহ মহানগরীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে মো. সুরুজ্জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালি থানার ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেরা এলাকায় মজিদ মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সুরুজ্জামান ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সদস্য ছিলেন।

নিহতের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার জানান, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামীপন্থী আরেকটি বালু ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে জামানের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে বের হন সুরুজ্জামান। পথে মজিদ মার্কেটসংলগ্ন সড়কের মোড়ে পৌঁছালে মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথ আটকে দেয়। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর বুকে একের পর এক আঘাত করে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category