প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বরিশাল মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর আউটার স্টেডিয়াম এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের প্রধান ফটকে টাঙানো মিজানুর রহমানের কয়েকটি ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।
একই সঙ্গে তাঁকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে একদল যুবক স্টেডিয়ামের সামনে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা বিসিবি পরিচালক মিজানুর রহমানের ব্যানারগুলো ছিঁড়ে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁর বিরুদ্ধে নানা স্লোগানও দেন বিক্ষোভকারীরা।
কর্মসূচিতে অংশ নিয়ে মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সহসভাপতি নাজমুল হুদা অভিযোগ করেন, ঢাকার একটি স্টেডিয়ামে বসে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন ‘ফরচুন মিজান’ নামে পরিচিত বিসিবি পরিচালক মিজানুর রহমান। ফুটবল নিয়ে পরিকল্পনার কথা বলার সময় হাসতে হাসতে তিনি ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’ মন্তব্য করেন।
নাজমুল হুদার দাবি, মিজানুর রহমান একসময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন সৈনিক লীগের বরিশাল জেলা সভাপতি ছিলেন। এমন একজন ব্যক্তি কীভাবে বিসিবির পরিচালকের দায়িত্ব পেলেন, সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও বলেন, মিজানুর রহমানের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে নেতা-কর্মীরা স্টেডিয়ামে গিয়ে তাঁর ব্যানারে আগুন দিয়েছেন এবং তাঁকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। বিএনপির কেউ তাঁকে পুনর্বাসনের উদ্যোগ নিলে তা প্রতিহত করারও হুঁশিয়ারি দেন নাজমুল।
বিক্ষোভে ল কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদস্যসচিব এস এম জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সিকদার, সহসাধারণ সম্পাদক অ্যালেক্স তমাল এবং সাবেক নাট্যবিষয়ক সম্পাদক আরিয়ান খান মাসুমসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
এদিকে স্টেডিয়ামের পাম্প অপারেটর মো. মামুন জানান, প্রধান ফটকের সামনে থাকা কয়েকটি ব্যানারে একদল যুবক আগুন দিয়েছেন। বিষয়টি তাঁরা খোঁজ নিয়ে দেখছেন।
ব্যানারে আগুন দেওয়ার ঘটনা সম্পর্কে জানতে চাইলে বিসিবি পরিচালক মিজানুর রহমান বলেন, ‘বরিশাল স্টেডিয়ামে কী হয়েছে, আমি তো জানি না।’ ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ব্যানার দিয়ে কী হবে?’ তবে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
অন্যদিকে জাতীয়তাবাদী ক্রীড়া দল বরিশাল জেলা শাখার সদস্য মীর হাসান মোর্শেদ সুমন এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তাঁর বক্তব্য, আওয়ামী লীগের দোসর হয়ে ফরচুন মিজান প্রধানমন্ত্রীকে নিয়ে বিদ্রূপ করতে পারেন না।
এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মামুন খন্দকার বলেন, স্টেডিয়ামে ব্যানারে আগুন দেওয়ার ঘটনা সম্পর্কে তিনি জানেন না। কেউ তাঁকে বিষয়টি জানাননি। তবে তিনি খোঁজ নিচ্ছেন।
প্রসঙ্গত, ঢাকায় ফুটবল নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে গণমাধ্যমের সামনে হাসতে হাসতে ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’ মন্তব্য করেন বিসিবি পরিচালক মিজানুর রহমান। শুক্রবার তাঁর প্রায় ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই বরিশালে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ এবং ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।