রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Title :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিজিএমইএ সভাপতি অস্থিরতায় ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’ মন্তব্য ঘিরে বিসিবি পরিচালকের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্থানীয় নির্বাচনে ভোট কারচুপির কারিগরদের ছাড় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান পদত্যাগের আগে এনভিডিয়া প্রধানকে দায়িত্বে থাকার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প শেখ হাসিনাকে ফেরানোর সব প্রক্রিয়া শেষ, ভারতের সিদ্ধান্তের অপেক্ষা: আইনমন্ত্রী পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩, আহত ৫ শিশু থেকে বৃদ্ধ—কেউই ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত নন: বিশ্ব ডায়াবেটিস দিবস আজ যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম, রয়েছে একাধিক বৈঠকের কর্মসূচি

শিশু থেকে বৃদ্ধ—কেউই ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত নন: বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

দেশে নীরবে বাড়ছে ডায়াবেটিসের বিস্তার। শহর-গ্রাম, তরুণ-বৃদ্ধ—কোনো শ্রেণির মানুষই এ রোগের ঝুঁকির বাইরে নন। উদ্বেগের বিষয়, আক্রান্তদের বড় একটি অংশ জানেনই না যে তারা ডায়াবেটিসে ভুগছেন। রোগ শনাক্ত হওয়ার আগেই অনেকের শরীরে হৃদরোগ, কিডনির জটিলতা, চোখের সমস্যা ও স্নায়ু ক্ষতির মতো গুরুতর উপসর্গ দেখা দিচ্ছে। এ কারণে ডায়াবেটিস এখন কেবল ব্যক্তিগত স্বাস্থ্যসমস্যা নয়, দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) পরিসংখ্যান বলছে, ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৪৫ সালের মধ্যে দেশটি সপ্তম অবস্থানে উঠে আসতে পারে। ওই সময় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ২৩ লাখে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। অর্থাৎ আগামী দুই দশকে দেশের বিপুলসংখ্যক মানুষকে এ দীর্ঘমেয়াদি রোগ নিয়ে জীবনযাপন করতে হতে পারে।

এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও আজ পালিত হচ্ছে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’। এ বছরের দিবসটির প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই।’

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করাতে হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি। এ বছরের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, আসুন আমরা প্রত্যেকে নিজের ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করি।

‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সফলতা কামনা করেন রাষ্ট্রপতি।

অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বলেছেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তিনি বলেন, ‘ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। একই সঙ্গে যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত।’

প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বজুড়ে অন্যতম বড় জনস্বাস্থ্য সমস্যা। বাংলাদেশেও এ রোগে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে, যা উদ্বেগজনক।

‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।

শনাক্তের বাইরে বিপুলসংখ্যক রোগী

বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০১৭-১৮-এর তথ্য অনুসারে, দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের হার ৯ দশমিক ২ শতাংশ। এ ছাড়া প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ১৩ দশমিক ৩ শতাংশ। একই জরিপের তথ্য অনুযায়ী, প্রায় ৬ শতাংশ প্রাপ্তবয়স্কের ডায়াবেটিস শনাক্ত হয়নি। অন্যদিকে, বিডিএইচএস ২০২২-এর বিশ্লেষণে দেশে ডায়াবেটিসের প্রকোপ ১৬ থেকে ১৭ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আক্রান্তদের একটি বড় অংশ নিজেদের রোগ সম্পর্কে জানেন না। এতে দেশের স্বাস্থ্য ব্যবস্থার একটি মৌলিক সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রেই রোগ শনাক্ত হওয়ার আগেই শরীরে এর জটিলতা দেখা দিচ্ছে।

ডায়াবেটিস কেন ভয়াবহ

ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী বিপাকীয় রোগ। এ রোগে শরীর প্রয়োজনীয় পরিমাণ ইনসুলিন তৈরি করতে ব্যর্থ হয় অথবা উৎপন্ন ইনসুলিন যথাযথভাবে কাজে লাগাতে পারে না। এর ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। দীর্ঘদিন শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে না থাকলে শরীরের বিভিন্ন অঙ্গ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়।

এ রোগের সঙ্গে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি রয়েছে। পাশাপাশি কিডনি বিকল হওয়া, চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়ে দৃষ্টিশক্তি হারানো, স্নায়ুর সমস্যা এবং পায়ে ক্ষত তৈরি হয়ে অঙ্গহানির আশঙ্কাও বেড়ে যায়। কর্মক্ষম বয়সে কেউ ডায়াবেটিসে আক্রান্ত হলে তার কর্মজীবন ও উৎপাদনশীলতা ব্যাহত হতে পারে। এতে পরিবারের আর্থিক নিরাপত্তাও হুমকির মুখে পড়ে। তাই এ রোগের অর্থনৈতিক প্রভাব শুধু রোগীর চিকিৎসা ব্যয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; পরিবার, কর্মক্ষেত্র ও সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়ে।

বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, ডায়াবেটিস হওয়ার আগে প্রি-ডায়াবেটিস একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এ অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও তা ডায়াবেটিস নির্ণয়ের নির্ধারিত সীমায় পৌঁছায় না। এ পর্যায়ে জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারলে অনেক ক্ষেত্রে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানো যায়।

অতিরিক্ত ওজন, বিশেষ করে পেটে চর্বি জমা, শারীরিক পরিশ্রমের ঘাটতি, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পারিবারিক ইতিহাস ও বয়স এ রোগের ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত চিনি ও ক্যালরিযুক্ত খাবার, কোমল পানীয়, ফাস্টফুড এবং দীর্ঘ সময় বসে থাকার অভ্যাসও ডায়াবেটিসের আশঙ্কার সঙ্গে সম্পর্কিত। প্রি-ডায়াবেটিস শনাক্ত হলে খাদ্যাভ্যাসে পরিবর্তন, নিয়মিত হাঁটা ও ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে ভবিষ্যতে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমানো সম্ভব।

এ বিষয়ে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ডা. ফারিয়া আফসানা বলেন, ৫ থেকে ৬ শতাংশ ওজন কমানো, সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট দ্রুত হাঁটা। সেইসঙ্গে ভাত-ময়দা-মিষ্টি পানীয় গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। শুধু এই পদ্ধতি অনুসরণ করে যুক্তরাষ্ট্রে ৫৮ শতাংশ এবং ভারতে ২৮ শতাংশ ডায়াবেটিস প্রবণতা হ্রাস পেয়েছে।

চিকিৎসা শহরকেন্দ্রিক

দেশে ডায়াবেটিস চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল ও কেন্দ্র থাকলেও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হয়নি। রাজধানী ও বড় শহরগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসক, পরীক্ষা-নিরীক্ষা এবং উন্নত চিকিৎসার সুবিধা তুলনামূলক বেশি। বিপরীতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এসব সেবা সীমিত।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত সেবার ঘাটতিও এ ক্ষেত্রে বড় বাধা। ডায়াবেটিস রোগীকে শুধু ওষুধ দিলেই দায়িত্ব শেষ হয় না। রোগ সম্পর্কে সচেতন করা, খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের গুরুত্ব বোঝানো, ওষুধ ব্যবহারের নিয়ম এবং রোগের জটিলতার লক্ষণ সম্পর্কে ধারণা দেওয়াও চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ।

গর্ভকালীন ডায়াবেটিস

ডায়াবেটিসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো গর্ভকালীন ডায়াবেটিস। গর্ভাবস্থায় প্রথমবারের মতো রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে মা ও সন্তান উভয়ের জন্যই নানা জটিলতার আশঙ্কা তৈরি হয়। সময়মতো রোগ শনাক্ত করে নিয়ন্ত্রণে রাখা না গেলে গর্ভাবস্থা ও প্রসবের সময় ঝুঁকি বাড়তে পারে।

গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত নারীদের পরবর্তী সময়ে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেশি। একই সঙ্গে তাদের সন্তানদের ভবিষ্যতে স্থূলতা ও বিপাকীয় সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। এ কারণে গর্ভাবস্থায় যথাসময়ে ডায়াবেটিস পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা, ইনসুলিনের সহজপ্রাপ্যতা এবং সন্তান জন্মের পর মায়ের নিয়মিত পর্যবেক্ষণ জরুরি। মাতৃস্বাস্থ্যসেবার সঙ্গে ডায়াবেটিস শনাক্ত ও নিয়ন্ত্রণের ব্যবস্থা যুক্ত করা গেলে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব।

গ্রিন লাইফ মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. তানজিনা হোসেন বলেন, গর্ভকালীন ডায়াবেটিসে বড় আকারের শিশু, প্রি-এক্ল্যাম্পসিয়া, সিজারিযান ও নবজাতকের হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বাড়ে। এছাড়া মায়ের পরবর্তী জীবনে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি ৯ থেকে ১০ বাড়ে। এক্ষেত্রে সর্বজনীন স্ক্রিনিংয়ের প্রতি গুরুত্বরোপ করেন তিনি।

ডায়াবেটিসের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন বলেন, উপজেলা ও জেলা পর্যায়ে চিকিৎসক, নার্স ও ডায়েটিশিয়ানদের জন্য মডিউলভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সাশ্রয়ী ওষুধের অগ্রাধিকার তালিকা প্রণয়েন করে সরকারিভাবে সারাদেশে সেগুলোর সহজ প্রাপ্তি নিশ্চিত করা।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির আট সুপারিশ

ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসাসেবা উন্নত করতে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস) আটটি সুপারিশ তুলে ধরেছে।

প্রথম সুপারিশে দেশে একটি জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার পাশাপাশি আগামী পাঁচ থেকে ১০ বছরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঘোষণার কথা বলা হয়েছে।

দ্বিতীয়ত, ৩৫ বছরের বেশি বয়সী সবার ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিএমআই ২৩ বা তার বেশি কিংবা অন্য কোনো ঝুঁকি রয়েছে—এমন ব্যক্তিদের আগেভাগেই স্ক্রিনিংয়ের আওতায় আনার পরামর্শ দেওয়া হয়েছে। প্রাথমিক স্বাস্থ্যসেবায় সহজ ঝুঁকি মূল্যায়ন পদ্ধতি চালুর কথাও বলেছে সংগঠনটি।

তৃতীয় সুপারিশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ডায়াবেটিস চিকিৎসার প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব কেন্দ্রে নিয়মিত ওষুধ সরবরাহ, গ্লুকোমিটার, এইচবিএ১সি পরীক্ষা এবং রোগের জটিলতা শনাক্তের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারি বরাদ্দ বাড়ানো ও সাশ্রয়ী ক্রয়নীতি গ্রহণের প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে।

চতুর্থত, সব অন্তঃসত্ত্বা নারীর ডায়াবেটিস পরীক্ষা, ইনসুলিনের সহজপ্রাপ্যতা এবং সন্তান প্রসবের পর নিয়মিত ফলোআপ নিশ্চিত করতে হবে।

পঞ্চম সুপারিশে প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বয়স উপযোগী স্বাস্থ্যশিক্ষা চালু, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যান্টিনে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী খাদ্যনীতি গ্রহণের কথা বলা হয়েছে।

ষষ্ঠত, এন্ডোক্রাইনোলজিস্টদের জন্য সরকারি পদ সৃষ্টি, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির প্রশিক্ষণ আসন বাড়ানো এবং জেলা পর্যায়ের চিকিৎসকদের জন্য মেন্টরিং ব্যবস্থা চালুর পরামর্শ দেওয়া হয়েছে।

সপ্তম সুপারিশে জাতীয় ডায়াবেটিস রেজিস্ট্রি প্রতিষ্ঠা, একাধিক কেন্দ্রে গবেষণা এবং চিকিৎসাসেবার মান যাচাইয়ে গুণগত সূচকভিত্তিক জবাবদিহি নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়েছে।

অষ্টমত, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের হার কমাতে রোগীর অবস্থা অনুযায়ী লক্ষ্যভিত্তিক চিকিৎসা, রোগীকে প্রয়োজনীয় শিক্ষা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে দলভিত্তিক ফলোআপ চালুর সুপারিশ করেছে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category