সারের ডিলারশিপ বণ্টনে অনিয়ম, দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ। জনপ্রতিনিধিদের ক্ষমতা ব্যবহার করে স্ত্রী, সন্তান ও আত্মীয়দের নামে ব্যবসার সুযোগ করে দেওয়ার সংস্কৃতি বন্ধের দাবি জানিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংশ্লিষ্ট মন্ত্রীর উদ্দেশে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে বিভিন্ন জেলার সারের ডিলারশিপ বণ্টনের চিত্র তুলে ধরে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, এ ক্ষেত্রে ব্যাপক দলীয়করণ ও অনিয়ম হয়েছে। ঠাকুরগাঁওয়ে ৩১টি ডিলারশিপের মধ্যে ২৮ জনই বিএনপির সঙ্গে সম্পৃক্ত। তাঁদের মধ্যে অন্তত ১০ জন বিভিন্ন নেতার স্ত্রী, সন্তান কিংবা নিকটাত্মীয়।
এমনকি সম্প্রতি নাটোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত এক সংসদ সদস্যের সন্তানকেও সারের ডিলারশিপ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, কোনো কোনো এলাকায় সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা অর্থের বিনিময়ে ডিও (চাহিদাপত্র) দিয়েছেন। ১৫টি ইউনিয়নের বিপরীতে ৩০টি পর্যন্ত ডিও বিতরণ করে সারের ডিলারশিপ বণ্টনে অনিয়ম করা হয়েছে।
হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলের ব্যবসায়ীরাও যাতে মন্ত্রণালয় থেকে সুবিধা পেতে পারেন, সেই ব্যবস্থাও বহাল রাখা হয়েছিল।
তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে জানতে চান, ডিলারশিপ বণ্টনে সংঘটিত এসব অনিয়ম পরিকল্পিতভাবে করা হয়েছে কি না। পাশাপাশি ইতিমধ্যে দেওয়া বিতর্কিত ডিলারশিপগুলো বাতিল করে নতুন করে যাচাই-বাছাই বা পুনর্বিবেচনা করা হবে কি না, সে বিষয়েও জানতে চান তিনি।
সবশেষে জনপ্রতিনিধিদের ক্ষমতার অপব্যবহার করে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনকে ব্যবসার সুযোগ করে দেওয়ার প্রবণতার সমালোচনা করেন সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান, এই কালচার কবে বন্ধ হবে?’ এ ধরনের স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের চর্চা কবে স্থায়ীভাবে বন্ধ হবে, তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানান তিনি।