ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিতে আসেন। তবে কয়েকটি কারখানার শ্রমিক কাজ বন্ধ রেখে ভেতরে অবস্থান করেন। কেউ কেউ কারখানা থেকে বের হয়ে বাইরে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকেরা কাজে অংশ না নেওয়ায় কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আশুলিয়ার জামগড়া, নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও জিরাবো এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে অবস্থান নেন। পরে তাঁরা কারখানা থেকে বের হয়ে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।
এ সময় জামগড়া এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পুলিশের সাঁজোয়া যান লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ অবস্থায় আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
অন্যদিকে, সকালে সাভারের হেমায়েতপুরে বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিতে আসেন। কয়েকটি কারখানার শ্রমিক কাজ না করে বেরিয়ে বাগবাড়ী এলাকায় স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের একটি কারখানার সামনে অবস্থান নেন। পুলিশ তাঁদের সেখান থেকে সরে যেতে বললেও শ্রমিকেরা অবস্থান ছেড়ে না দিয়ে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয়। পরে ওই এলাকায় কয়েক দফায় শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পুলিশও কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।
অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা
শ্রমিকদের বিক্ষোভ ও সংঘাতের পরিপ্রেক্ষিতে সাভার ও আশুলিয়ার ৫০ থেকে ৬০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে আশুলিয়া শিল্পাঞ্চল শিল্প পুলিশ-১।
সংস্থাটির পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছিলেন। তবে কয়েকটি কারখানার শ্রমিক সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ ও পুলিশের সাঁজোয়া যান লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পরে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতির কারণে সাভার ও আশুলিয়ার ৫০ থেকে ৬০টি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।
অস্থিতিশীলতার পেছনে বহিরাগতদের দায় পুলিশের
শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিকে কেন্দ্র করে বহিরাগত ব্যক্তিরা উদ্দেশ্যমূলকভাবে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বলে দাবি করেছে পুলিশ।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সকাল থেকে পরিস্থিতি ভালোই ছিল। মাঝখানে দুই–একটি গার্মেন্টসে বহিরাগত ব্যক্তিরা অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করেন। প্রকৃতপক্ষে তাঁরা শ্রমিক কি না, সে বিষয়ে আমরা কোনো তথ্য পাইনি।’
তিনি আরও বলেন, ‘বহিরাগত ব্যক্তিরা হেমায়েতপুরকেন্দ্রিক গার্মেন্টসগুলোয় অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করেছিলেন। তবে আমরা খুব সহজেই তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছি। এখন পরিবেশ–পরিস্থিতি খুবই ভালো আছে।’
অতিরিক্ত পুলিশ সুপার জানান, শ্রমিকদের মূল দাবি ছিল মজুরি বোর্ড গঠন। ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আশ্বাস শ্রমিকদের দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বৈঠকও হয়েছে। তবে এর মধ্যে তৃতীয় একটি পক্ষ বাইরে থেকে এসে পরিস্থিতি অস্থিতিশীল করে নিজেদের অন্য উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে।
১৫ প্লাটুন বিজিবি মোতায়েন
সাভার ও আশুলিয়ার শিল্পকারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, শিল্পাঞ্চলের নিরাপত্তায় জেলা পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি ১৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। এ ছাড়া চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্বে রয়েছেন।