বগুড়ার ধুনট উপজেলায় ১৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার গোপালনগর ইউনিয়নের খাঁটিয়ামারী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। রোববার (৮ নভেম্বর) আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার অলোয়া গ্রামের মো. মোকতালের ছেলে মুঞ্জুরুল ইসলাম ওরফে মুঞ্জু (৩৩) এবং পীরহাটি গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. লাল চান (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, খাঁটিয়ামারী বাজারের চৌরাস্তায় আব্দুস সালামের মিষ্টির দোকানের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুজনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।