এ সময় সরকারের উন্নয়নের কথা মানুষের ঘরে পৌঁছিয়ে দিতে পারলে ভোট নিয়ে চিন্তা নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশের জন্য ও এলাকার জন্য যে কাজ করেছি, তা যদি ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে পারেন তা হললে ভোটের আর কোন আমাদের সমস্যা নাই। এই ক্ষমতা আর কেউ কেড়ে নিতে পারবে না। আর যাই হোক ওই দানবদের (বিএনপি) হাতে দেশকে আর ফেলে দিতে পারি না। উন্নয়নের সব কাজ ওরা ধ্বংস করে দিবে।’
এসব বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে উপস্থিত নেতা-কর্মীদের নির্দেশ দেন বঙ্গবন্ধুকন্যা। বলেন, ‘একাজ আপনাদের করতে হবে।’
প্রতিবারের মতো আজকেও প্রধানমন্ত্রী দেশের মানুষের কাছে নিজ নিজ জায়গা থেকে খাদ্য উৎপাদনের আহ্বান জানান। বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পুরো বিশ্বকে খাদ্য সংকটে ফেলে দিয়েছে। আমরাও এর বাইরে না। আমরা চাই খাদ্যের জন্য কারো কাছে হাত পাতব না, নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করবো। পারলে অন্যদেশে খাদ্য পাঠাবো।’
তিনি বলেন, ‘আমাদের জমি আছে; উৎপাদনের সুযোগ আছে। এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। একটা টমেটো গাছ হলেও লাগান, সাজনা গাছ লাগান, মরিচ গাছ লাগান। যা আপনার দরকার সেটাই লাগান। আপনাদের বাড়ির সামনে তো জায়গা আছে, ছাদে জায়গা আছে। অনাবাদি ফেলে রাখা যাবে না।’