নেত্রকোণার মোহনগঞ্জে নিখোঁজের দুদিন পর ফজলুল রহিম কাজল (৫৫) নামের এক সাবেক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০৯ অক্টোবর) সকালে উপজেলার বিরামপুর উত্তরপাড়া এলাকার একটি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফজলুল রহিম কাজল সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কাকিয়াম গ্রামের মৃত জবান আলীর ছেলে। পাঁচ বছর আগে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর তিনি স্থানীয় একটি সৌরবিদ্যুৎ কেন্দ্রে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুর থেকে ফজলুল রহিম কাজল নিখোঁজ ছিলেন। সন্ধান না পেয়ে ওই দিন রাতেই পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শুক্রবার সকালে বিরামপুর উত্তরপাড়া চৌধুরীবাড়ির পেছনের একটি গাছে তাঁর মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর ইসলাম হারুন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।