মাদারীপুরের রাজৈরে চিকিৎসক দেখাতে যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার মাহিন্দ্রার সংঘর্ষে রাফিয়া আক্তার (১৬) নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের মা সানজিদা বেগম ও ছোট বোন তাবাসসুম আক্তারসহ আরও ৪ জন মাহিন্দ্রার যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে মাদারীপুর থেকে মাহিন্দ্রাযোগে মা ও বোনের সাথে টেকেরহাট বন্দরের দিকে যাচ্ছিল রাফিয়া। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী ‘খান পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সাথে মাহিন্দ্রাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় রাফিয়াকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাফিয়া সদর উপজেলার ত্রিভাগদি গ্রামের মনির হাওলাদারের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ঘাতক ‘খান পরিবহন’-এর বাসটিকে মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশ আটক করেছে।