সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতাসহ ৪ জন গ্রেফতার

  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. রায়হান উদ্দিন, রাসেল খান (৩২), আলা উদ্দিন (২৮) ও আব্দুল্লাহ (২৮)। ডিবির দাবি, গ্রেফতার রায়হান উদ্দিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

রোববার দুপুর ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ডিবি জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলের ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে একজনকে শনাক্ত করা হয়। এরপর শনিবার বংশাল এলাকায় অভিযান চালিয়ে রায়হান উদ্দিনকে গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রায়হানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাত সোয়া ১২টার দিকে লালবাগের জেন সাহা রোডের একটি ১০ তলা ভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে লাল রঙের কসটেপে মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে ডিএমপির বোম ডিসপোসাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।

ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মো. শাহীন বলেন, রায়হানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডেমরার ডগাইর এলাকায় অভিযান চালিয়ে রাসেল, আলা উদ্দিন ও আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তিনি বলেন, রায়হান আওয়ামী লীগের ঢাকা দক্ষিণের বংশাল থানাধীন ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক। গত বছর মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেফতার হয়ে পাঁচ মাস কারাগারে ছিল সে। সম্প্রতি জামিনে বের হয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে বলে দাবি করেন তিনি।

বাকি তিনজনসহ সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সক্রিয় সদস্য বলে দাবি করেন ডিবির এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক অটোরিকশাচালক আহত হন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category