দীর্ঘ ২৪ বছর পর একটি হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে নরসিংদীর মনোহরদী থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম জাহাঙ্গীর হোসেন লিটন। তিনি মনোহরদী উপজেলার দক্ষিণ কাচিকাটা গ্রামের হযরত আলীর ছেলে।
পুলিশ জানায়, ২০০৩ সালে সংঘটিত একটি রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্বের জেরে দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি ছিলেন লিটন। ঘটনার পর থেকে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা মাথায় নিয়ে তিনি প্রায় দুই যুগ ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানা-পুলিশের একটি বিশেষ দল গত বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সনমানিয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, গ্রেপ্তারকৃত আসামিকে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আজ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।