স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। তবে আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুপুর আড়াইটায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বিভিন্ন পরীক্ষা ও শিক্ষাসূচির কারণে ভোটের সম্ভাব্য সময়সূচিতে পরিবর্তন আনতে হতে পারে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের ধাপও কমিয়ে আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগেই শেষ করতে হবে।
তিনি বলেন, ‘পরীক্ষা যেন ব্যাহত না হয়, সেটি লক্ষ রাখা হবে। যত দ্রুত সম্ভব ভোটের চূড়ান্ত তারিখ জানানো হবে। নভেম্বর ও ডিসেম্বরে পরীক্ষা আছে। জানুয়ারিতে ফাঁকা পাওয়া যাবে। তবে রোজা আছে। কয়েক দফা বসবো। কমিশন সভায় ভোটের তারিখ চূড়ান্ত করা হবে।’
এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে বলেও জানান নির্বাচন কমিশনার।