যুক্তরাষ্ট্রের কোনো ধরনের চাপের কাছেই ইরান নতি স্বীকার করবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের বেসামরিক অবকাঠামো ও নিত্যপ্রয়োজনীয় সরবরাহ ব্যবস্থায় হামলা চালানোর অভিযোগ করেন।
পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই যুদ্ধে সক্ষমতা দেখাতে চায়, তাহলে তাদের ইরানের সামরিক বাহিনীর মোকাবিলা করা উচিত। বেসামরিক অবকাঠামো, খাদ্য সরবরাহ ব্যবস্থা ও সাধারণ মানুষের জীবিকার ওপর কেন হামলা চালানো হচ্ছে, সে প্রশ্নও তোলেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, পানি, খাদ্য ও ওষুধের মতো মৌলিক প্রয়োজনীয়তা থেকে ইরানের জনগণকে বঞ্চিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, “ভীতি প্রদর্শন করে আমাদের জনগণকে বশ করা যাবে না। ইরান নতি স্বীকার করবে না।”
এদিকে পেজেশকিয়ানের এমন বক্তব্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখেও ইরান তাদের অবস্থান থেকে সরে আসবে না-এমন বার্তাই দেওয়া হয়েছে।