উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। সম্মেলনকে ঘিরে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।
সম্মেলনে অংশ নিতে শুক্রবার রাতে নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরাও সরাসরি সম্মেলনে যোগ দিচ্ছেন।
বিশ্বনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির গুরুত্বপূর্ণ এলাকাগুলো এবং ভিভিআইপি রুটে বাড়ানো হয়েছে নজরদারি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্থাপন করা হয়েছে উচ্চপ্রযুক্তির বিশেষ নিয়ন্ত্রণকক্ষ। এসব নিয়ন্ত্রণকক্ষ থেকে বিশ্বনেতাদের মোটরকেডের চলাচলসহ রাজধানীর সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এবারের ব্রিকস সম্মেলনকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের চলমান সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং দ্রুত পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতিও সম্মেলনের আলোচনায় গুরুত্ব পেতে পারে।
বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে ব্রিকসের প্রভাব ক্রমেই বাড়ছে। এ অবস্থায় এবারের শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর সম্ভাব্য সিদ্ধান্ত ও উদ্যোগের দিকে বিশেষ নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।