হজযাত্রীদের সেবা আরও সহজ ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তথ্য বিশ্লেষণ প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিভিন্ন ডিজিটাল সেবায় এসব প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘নাজুক এআই’ চালুর পর থেকে ২০ লাখের বেশি ব্যবহারকারী এ সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে শুধু গত মাসেই সেবাটি ব্যবহার করেছেন ৩ লাখ ৯৩ হাজার মানুষ। ১৮০টিরও বেশি ভাষায় কণ্ঠ সেবা সুবিধাও এতে যুক্ত রয়েছে।
এ ছাড়া ‘ডিজিটাল মুত্তাফিক’ সেবাটি এক মাসে ২০ লাখের বেশি বার ব্যবহার করা হয়েছে। এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ১৪ লাখের বেশি হাজি তাওয়াফ ও সাঈ সম্পন্ন করেছেন।
নাসিক এআই সেবার জন্য সৌদি ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা কর্তৃপক্ষের কাছ থেকে এআই নৈতিকতা সনদও পেয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, হজ ও ওমরাহ পালনকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন পূর্বাভাস ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য হজ ব্যবস্থাপনার পরিকল্পনা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছে।
একই সঙ্গে হাজিদের চলাচল পর্যবেক্ষণ, দলভিত্তিক ব্যবস্থাপনা এবং বিভিন্ন সেবা সমন্বয়ের ক্ষেত্রেও স্মার্ট প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এর ফলে হজযাত্রীদের ভিড় ব্যবস্থাপনা ও সেবা প্রদানের কার্যক্রম আরও কার্যকর করার সুযোগ তৈরি হচ্ছে।
সৌদি আরবের ভিশন ২০৩০ এবং ‘গেস্ট অব আল্লাহ সার্ভিস প্রোগ্রাম’-এর আওতায় হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর এসব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।