যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের কাছে ব্লাইথ এভিনিউ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। ফ্রেসনো ফায়ার বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএনআই নিউজ।
ফ্রেসনো ফায়ার বিভাগ জানিয়েছে, আহত দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে ফ্রেসনো পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস, কাউন্টি শেরিফের কার্যালয় এবং নর্থ সেন্ট্রাল ফায়ার বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।
বিমান বিধ্বস্তের ঘটনায় আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহও কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কম্পানি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে। পরে স্থানীয় বাসিন্দাদের বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়।
নিহত ও আহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।