আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আজ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সেদিন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ভোটার তালিকা হালনাগাদে নতুন করে তিন লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন।
হালনাগাদ শেষে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়াবে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।
নির্বাচন পেছানো হলে ভোটার নিবন্ধনের সুযোগও বাড়ানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে নতুন ভোটারদের সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
নির্বাচন কমিশনের সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার এক হাজার ২৪৩ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।