কুষ্টিয়ার ভেড়ামারায় সার ব্যবস্থাপনা আইন অমান্য করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার উপজেলার সাতবাড়ীয়া বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. গাজী আশিক বাশারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সাতবাড়ীয়া এলাকার সার ব্যবসায়ী মো. হাসমতের প্রতিষ্ঠানে লাইসেন্স সংক্রান্ত জটিলতা ও বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
পরবর্তীতে ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’ লঙ্ঘনের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অভিযুক্ত ব্যবসায়ী মো. হাসমতের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুল ইসলাম এবং ভেড়ামারা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. গাজী আশিক বাশার জানান, কৃষকদের সুষম ও মানসম্মত সার সরবরাহ নিশ্চিত করা এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।