নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে নিজের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে তাঁকে। হাজির হওয়ার সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
দুদকের পরিচালক মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে অসাধু উপায়ে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে। অভিযোগটির সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাঁর বক্তব্য শোনা প্রয়োজন। অনুসন্ধান কার্যক্রম পরিচালনায় দুদকের পরিচালক আবুল হাসনাতকে প্রধান করে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। টিমের অপর সদস্য হলেন উপপরিচালক মোজাম্মিল হোসেন।
দুদক সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৪ ডিসেম্বর থেকে তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগের অনুসন্ধান শুরু হয়। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে সংগৃহীত তথ্য-প্রমাণের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ নেবে কমিশন। সত্যতা পাওয়া গেলে মামলা দায়ের, অন্যথায় বিষয়টি নিষ্পত্তি করা হতে পারে।
উল্লেখ্য, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৪ সালের ২৩ জুন অবসরে যান। দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির পদেও নিয়োজিত ছিলেন।