বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

সালথায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

ফরিদপুরের সালথায় জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় আটটি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় বাজারসংলগ্ন বড় বাংরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মনির বিশ্বাস ও মিশরু মিয়ার পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের সময় আটটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলেও স্থানীয়রা জানান।

আহতদের মধ্যে রয়েছেন বড় বাংরাইল গ্রামের আলতাফ মোল্যা (৫৫), তাঁর ছেলে রাজু মোল্যা (২২), আক্কাস মোল্যা (৫০), মজিবর বিশ্বাস (৫৫) ও আছমত বিশ্বাস (৫০)। আহত অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে সালথা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category