বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

ছয় মাসে পুলিশের মনোবল ফিরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ফিরেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশসহ সব শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ও অবস্থার যে ভঙ্গুর পরিস্থিতি সরকার পেয়েছিল, গত ছয় মাসে তা অনেকটাই উন্নতি করা সম্ভব হয়েছে। তাদের মনোবল ফিরেছে এবং তারা পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে কাজ করছে।

তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর এমন কোনো অপরাধের ঘটনা নেই, যা সংঘটিত হওয়ার পরপরই পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারেনি। এটিকে বর্তমান সরকারের অন্যতম কৃতিত্ব বলে উল্লেখ করেন তিনি।

ইসলামের শান্তির বাণী অনুসরণের ওপর গুরুত্ব দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিশ্বে ইসলামের শান্তির মহাবাণী অনুসরণ করা হলে যুদ্ধ-বিগ্রহ থাকবে না। ন্যায়বিচার ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার পাশাপাশি সমাজে শৃঙ্খলাও বজায় থাকবে।

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ এবং তাঁর সাহাবিদের জীবনাদর্শ অনুসরণ করলে দেশে অশান্তি, বিশৃঙ্খলা ও অসাম্য থাকবে না। এদিন আমাদের নতুন করে সেই আদর্শ উপলব্ধি করতে হবে।

রংপুরের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার পর যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। জাতীয়ভাবে আলোচিত কিংবা অনালোচিত, হত্যাকাণ্ডসহ প্রতিটি অপরাধের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

ক্ষেত্রবিশেষে সমাজের চাহিদা অনুযায়ী দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন করতে সরকার সহযোগিতা করেছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যে যতটুকু কাজ করা সম্ভব হয়েছে, এর চেয়ে বেশি কিছু আশা করা এই মুহূর্তে ঠিক হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category