খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ এবং নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের দায়ে টাঙ্গাইলে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার পৌর শহরের বড় কালীবাড়ি রোড ও পার্ক বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযান সূত্রে জানা যায়, বড় কালীবাড়ি রোডের ‘গোপাল মিষ্টান্ন ভাণ্ডার’-এ দইয়ের মেয়াদের তারিখ পরিবর্তন ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ‘শ্রীকৃষ্ণ নিরামিষ ভোজনালয়’-কে নিষিদ্ধ কেওড়া জল ও বাসি খাবার সংরক্ষণের অপরাধে ২০ হাজার টাকা এবং ‘আদি ইন্দুটি দই ঘর’-কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, সাধারণ মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এমন তদারকি অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।