নরসিংদীর মনোহরদীতে সোনালী ব্যাংকের সামনে থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এর আগে উপস্থিত ক্ষুব্ধ নারী জনতা তাঁদের ধরে গণধোলাই দেন। সোমবার দুপুরে মনোহরদী পৌর শহরের সোনালী ব্যাংক শাখার সামনে এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন- কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোগপাড়া গ্রামের ইব্রাহিমের মেয়ে সাজনা বেগম (২৬) এবং একই গ্রামের আলামিনের স্ত্রী তামান্না (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সোনালী ব্যাংক মনোহরদী শাখার সামনে এক নারী গ্রাহকের গলা থেকে চালিয়াতি করে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন ওই দুই নারী। এ সময় ভুক্তভোগী নারী চিৎকার দিলে আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে দুই ছিনতাইকারীকে ধরে ফেলেন এবং তাঁদের কাছ থেকে খোয়া যাওয়া চেইনটি উদ্ধার করেন।
ঘটনার পরপরই সেখানে উপস্থিত একদল ক্ষুব্ধ বোরকাবিহিত নারী উত্তেজিত হয়ে তাঁদের উত্তম-মধ্যম দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জনাকীর্ণ স্থানে দুই ছিনতাইকারীকে একাধিক নারী মিলে শাস্তিস্বরূপ গণধোলাই দিচ্ছেন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে উপস্থিত জনতা আটক দুই নারীকে থানা-পুলিশের সোপর্দ করে।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, স্বর্ণের চেইন চুরি বা ছিনতাইয়ের অভিযোগে দুই নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।