ভারতে অবস্থান করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক সংবাদ সম্মেলন করা ও দেশে ফিরে রাজনীতি করার ঘোষণাকে ‘মামার বাড়ির আবদার’ এবং ‘ধৃষ্টতা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্লবীতে ক্রীড়াসংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, হাজার হাজার মানুষকে হত্যার পর এ ধরনের বক্তব্য দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। সাধারণ মানুষ এখন গুম ও খুনের বিচার দেখতে চায়।
বর্তমান সরকারকে ন্যায় ও নিষ্ঠার ওপর প্রতিষ্ঠিত উল্লেখ করে তিনি জানান, শেখ হাসিনার বিচার অবশ্যই বাস্তবায়ন হতে হবে। অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটিয়ে বিদেশে বসে প্রেস কনফারেন্সের মাধ্যমে ডিসেম্বরে ফিরে আসার ঘোষণা দেওয়া একটি অবাস্তব চিন্তাভাবনা।
রিজভী আরও জানান, যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তারা মূলত নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছেন।
প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণা করে তিনি উল্লেখ করেন, কোকো কোনো রাজনীতি করতেন না, তিনি একজন নিবেদিতপ্রাণ ক্রীড়াসংগঠক ছিলেন। মায়ের ওপর মানসিক নির্যাতন সহ্য করতে না পারায় তাঁর এই অকালমৃত্যু হয়েছে।
একই অনুষ্ঠানে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, গত ১৭ বছরে অমানুষিক নির্যাতনের শিকার হলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কোনো প্রতিহিংসার রাজনীতি চান না, বরং সুবিচারের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান।
অনুষ্ঠানে পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।