যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল দ্রুত বিস্তার লাভ করে হাজার হাজার একর এলাকা গ্রাস করেছে। আগুনে এখন পর্যন্ত ৭০০টির বেশি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় স্পোকেন অঞ্চল থেকে প্রায় ৬৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সংকট মোকাবিলায় পুরো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বব ফার্গুসন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি বড় দাবানলে অন্তত ৭ হাজার একর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দমকলকর্মীরা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন।
ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন ও আশপাশের এলাকায় প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল (প্রায় ২১ বর্গকিলোমিটার) এলাকা আগুনে পুড়ে গেছে।
আগুনের কারণে স্পোকেন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় ভিডিওচিত্রে দেখা গেছে, একের পর এক ভবনে আগুন জ্বলছে, ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে আবাসিক এলাকা এবং বহু বাড়ি সম্পূর্ণ পুড়ে শুধু চিমনি দাঁড়িয়ে রয়েছে।
সংবাদ সম্মেলনে মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল বলেন, পরিস্থিতি এখনো বিপজ্জনক। আগামী কয়েক দিনও দাবানল মোকাবিলায় বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।
শুধু ওয়াশিংটন নয়, পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনেও টানা দশম দিনের মতো আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। সেখানে বুলডোজার ও হেলিকপ্টারের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা চালানো হলেও ইতোমধ্যে প্রায় ৫২৫ বর্গমাইল (প্রায় ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার) তৃণভূমি পুড়ে গেছে।
গবাদিপশুর খামারসমৃদ্ধ ওই এলাকায় ৭০০টির বেশি বাড়ি এবং আরও প্রায় ৮০০টি স্থাপনা ঝুঁকির মুখে রয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহজুড়ে শুষ্ক ও গরম আবহাওয়া অব্যাহত থাকবে। বুধবার তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে, যা দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়াচ্ছে।
কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, বজ্রপাত থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ুদূষণ সতর্কতা জারি করেছে।
পাশাপাশি উটাহ, মন্টানা ও পশ্চিম নেব্রাসকার কয়েকটি এলাকায় দাবানলের উচ্চ ঝুঁকির সতর্কতা এবং অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নেভাডার দক্ষিণাঞ্চল ও উত্তর মন্টানায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
বর্তমানে স্পোকেন এলাকায় ওল্ড ট্রেইলস ফায়ার, ফেয়ারভিউ ফায়ার এবং মেডোভিউ ফায়ার, এই তিনটি বড় দাবানল সক্রিয় রয়েছে।
পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে পুরো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা বহাল রয়েছে এবং কর্তৃপক্ষ বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।