২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। তবে এই পরাজয়ের পরও দলের প্রতি আস্থা হারাননি দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। বরং তরুণ এই দলকে ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন তিনি।
মঙ্গলবার (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাখোঁ বিশ্বকাপের ফাইনালে ওঠায় স্পেনকে অভিনন্দন জানান। একই সঙ্গে ফরাসি জাতীয় দলের খেলোয়াড়দের দেশের জার্সির প্রতি তাদের নিবেদন ও লড়াকু মানসিকতার প্রশংসা করেন।
পোস্টে ম্যাখোঁ লেখেন, ফাইনালে ওঠার জন্য স্পেনকে অভিনন্দন।
ফরাসি দলকে উদ্দেশ করে তিনি বলেন, দেশের জার্সির প্রতি নিবেদন ধরে রাখার জন্য ফরাসি দলকে ধন্যবাদ। আজকের এই হার মেনে নেওয়া কঠিন, তবে এই দলটি ভীষণ তরুণ এবং অনেক সম্ভাবনাময়।
ম্যাখোঁর এই বার্তায় স্পষ্ট হয়েছে, সেমিফাইনালের হতাশাজনক বিদায়ের পরও তিনি ফ্রান্স দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এবং তরুণ স্কোয়াডটির ওপর পূর্ণ আস্থা রাখছেন।