৫ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার ভোরে ভূমিকম্পটি লিউজৌ শহরের লিউনান জেলায় আঘাত হানে।
স্থানীয় ভূমিকম্প ত্রাণ সদর দপ্তরের বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত দুজন স্বামী-স্ত্রী। তাঁদের বয়স যথাক্রমে ৬৩ ও ৫৩ বছর। নিখোঁজ থাকা অন্য ব্যক্তিকে উদ্ধারে উদ্ধারকারী দল নিরলস অভিযান চালিয়ে যাচ্ছে।
ভূমিকম্পের পরপরই পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। ভূমিকম্পের কারণে বেশ কয়েকটি ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ করা হয়নি। স্থানীয় প্রশাসন দুর্গত এলাকাগুলোতে জরুরি ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
চীনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্যমতে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের অল্প গভীরে আঘাত হানায় কম্পন তীব্রভাবে অনুভূত হয়। আশপাশের কয়েকটি এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।
এদিকে ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশকের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। উদ্ধারকর্মী ও চিকিৎসা দলকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: চায়না ডেইলি।