বলিউড অভিনেত্রী মৌনী রায়কে ঘিরে তার স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। গত কয়েকদিন ধরে তাদের দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয়েছে বলে নানা দাবি সামনে আসে।
গুঞ্জনের সূত্রপাত হয় সোশ্যাল মিডিয়ায় তাদের প্রোফাইলে কিছু পরিবর্তন ঘিরে। মৌনী তার অ্যাকাউন্ট থেকে বিয়ের কয়েকটি ছবি সরিয়ে দেন এবং স্বামী সুরজকে আর ফলো করছেন না এমন তথ্যও ছড়িয়ে পড়ে। অন্যদিকে সুরজ নাম্বিয়ার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেন। এরপর থেকেই বিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয়।
এছাড়া অনলাইনে দাবি ওঠে, অভিনেত্রী দিশা পাটানিও নাকি সুরজকে তার ফলো তালিকা থেকে সরিয়ে দিয়েছেন। এতে কেউ কেউ অনুমান করতে শুরু করেন, সম্পর্কের টানাপোড়েনের পেছনে তৃতীয় কোনো ব্যক্তির ভূমিকা থাকতে পারে। পাশাপাশি সুরজ নাম্বিয়ারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও সামাজিক মাধ্যমে ছড়ায়। তবে এসব দাবির কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এদিকে চলমান গুঞ্জনের মধ্যেই মুখ খুলেছেন মৌনী রায়। তিনি বলেন, আমি সামাজিক মাধ্যমে আমাদের নিয়ে অনেক কিছু দেখছি। অনুরোধ করছি, মিথ্যা তথ্য ছড়াবেন না। এই মুহূর্তে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে দিন।
উল্লেখ্য, ২০২২ সালে গোয়ায় বাঙালি ও মালয়ালি-দুই রীতিতে বিয়ে করেন মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার। দীর্ঘদিন ধরেই তাদের সুখী দম্পতি হিসেবে দেখা যেত। তবে সাম্প্রতিক গুঞ্জনে তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্র: এনডিটিভি