লিভার সংক্রান্ত জটিলতার কারণে গত ৮ মে রাত থেকে লাইফ সাপোর্টে রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার।
রোববার তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি; তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় আছেন। পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার চেষ্টা করছে।
কারিনার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ, রোববার সকালে তার মেয়ের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে একটি সংবাদমাধ্যমকে জানান। তিনি বলেন, মেয়ের ভিসা দ্রুত পাওয়ার জন্য তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি দ্রুত সমাধানের অনুরোধ করবেন। তার ভাষায়, আমাদের হাতে সময় খুব কম, তাই দ্রুত বিদেশে নেওয়ার ব্যবস্থা করতে চাই।
তিনি আরও জানান, চিকিৎসকদের মতে কারিনার শারীরিক জটিলতা বেড়েছে। বর্তমানে বিভিন্ন মেডিকেল সাপোর্টের মাধ্যমে তার অবস্থা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। এর মধ্যে এক পর্যায়ে তার রক্তচাপও কমে গিয়েছিল। এখন তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে শনিবার ৯ মে কায়সার হামিদ জানান, কারিনার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কিছুদিন ধরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং তিনি হেপাটাইটিসে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।