আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধ এবং যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার দিনের শুরু থেকেই অপরিশোধিত তেলের দুই প্রধান ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই-এর দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্যমতে, বর্তমানে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড ১০৫ দশমিক ৬৩ ডলার এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৯৬ দশমিক ৭৩ ডলারে বিক্রি হচ্ছে। গত বুধবারের তুলনায় ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬২ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম ৪ দশমিক ০৬ শতাংশ বেড়েছে।
বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর ইরান এই জলপথটি বন্ধ করে দেয়। বর্তমানে এটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নিয়ন্ত্রণ করছে।
এদিকে টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল দুই পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করলেও পরিস্থিতির উন্নতি হয়নি। গত ১২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সমুদ্রবন্দর ও হরমুজ প্রণালিতে নতুন করে অবরোধ জারির ঘোষণা দেন। এই মার্কিন অবরোধ এখনও বলবৎ রয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অনড় অবস্থানের কারণে বর্তমানে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিতিশীলতা দিন দিন চরম পর্যায়ে পৌঁছাচ্ছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।