যুক্তরাষ্ট্রে কোনো আন্তর্জাতিক ভ্রমণকারী কতদিন অবস্থান করতে পারবেন এ সিদ্ধান্ত ভিসার মেয়াদের ওপর নয়, বরং আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তার ওপর নির্ভর করে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার এক বার্তায় দূতাবাস জানায়, বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময় সরাসরি সম্পর্কিত নয়।
বার্তায় আরও বলা হয়, অনেক ভ্রমণকারী ভুলভাবে মনে করেন যে ভিসার মেয়াদ যতদিন থাকে, ততদিন যুক্তরাষ্ট্রে থাকা বৈধ। তবে বাস্তবে অবস্থানের নির্দিষ্ট সময় নির্ধারিত হয় আই-৯৪ ফর্ম অনুযায়ী।
এই ফর্মে থাকা “অ্যাডমিট আনটিল ডেট” বা অনুমোদিত শেষ তারিখই নির্ধারণ করে দেয় একজন ভ্রমণকারী কতদিন যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন।
দূতাবাস সতর্ক করে বলেছে, ভিসার মেয়াদ ও অবস্থানের অনুমোদিত সময়কে এক হিসেবে দেখার ভুল অনেক সময় অভিবাসন নিয়ম লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে।