স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি রাষ্ট্র সংস্কারের পক্ষে এবং এই সংস্কার তারা বাস্তবায়নও করবে।
শনিবার দুপুরে হবিগঞ্জের তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি সংস্কার চায় না বলে যে গুঞ্জন রয়েছে, তাকে মিথ্যা ও জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা বলে অভিহিত করেন তিনি।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের অংশ। ছাত্র-জনতার হাত ধরে আসা জুলাই অভ্যুত্থান আমাদের আরেকটি গর্বের ইতিহাস। আমরা এই সংগ্রামকে ধারণ করেই এগিয়ে যেতে চাই।”
দলের ভেতরকার শৃঙ্খলা প্রসঙ্গে বিএনপি মহাসচিব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। বিএনপিতে কোনো বিতর্কিত বা অনৈতিক মানুষের ঠাঁই হবে না।
এছাড়া তিনি স্থানীয় সংসদ সদস্যদের প্রতি অবহেলিত চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আমিনুল ইসলাম। আলোচনা সভায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।