বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এএফএম সিদ্দিকীকে বিএমইউ ড্যাবের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার বিএমইউ ড্যাবের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদ-এর নেতৃত্বে নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের প্রাইভেট চেম্বারে গিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এএফএম সিদ্দিকী এসময় বিএমইউ ড্যাবের নেতৃবৃন্দকে আহ্বান জানান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাশিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণাকে সম্মিলিতভাবে কাজ করে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সক্রিয়ভাবে কাজ করতে।
এসময় উপস্থিত ছিলেন- মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য, চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, শিশু অনুষদের ডীন ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, কলোরেক্টাল সার্জন সহযোগী অধ্যাপক ডা. মোঃ সহিদুল ইসলাম, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মোঃ শাহিদুল হাসান বাবুল, অতিরিক্ত রেজিস্ট্রার-১ ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোঃ দেলোয়ার হোসেন টিটো, সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রিফাত রহমান, অবস এ্যান্ড গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনজুমান আরা ও ইউরোলজি বিভাগের চিকিৎসক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ডা. মোহাম্মদ জাফর ইকবাল প্রমুখ।
উল্লেখ্য, সোমবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে উপসচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. এএফএম সিদ্দিকীকে ‘মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের সানুগ্রহ অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)’ এর ১২ ধারা অনুযায়ী উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য হিসেবে তার নিযুক্তির মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে। তিনি বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী উপাচার্যের পদসংক্রান্ত অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত) এর ১৪ ধারা অনুযায়ী দায়িত্ব পালন করবেন।