শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

খুলনায় ঢাকাগামী বাস থেকে ৫টি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ নারী আটক

  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৫১ Time View

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন নিচখামার এলাকায় পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ সুরাইয়া পারভীন সুমি নামে এক নারীকে আটক করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, সাতক্ষীরা থেকে মাদকের একটি বড় চালান খুলনা হয়ে রাজধানী ঢাকায় যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা নিচখামার এলাকায় একটি বিশেষ যৌথ তল্লাশি চৌকি বসান।

অভিযান চলাকালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ইমাদ পরিবহন’ নামের একটি বাস তল্লাশি চৌকিতে পৌঁছালে সেটিতে অভিযান চালানো হয়। এ সময় বাসের যাত্রী সুরাইয়া পারভীন সুমির গতিবিধি সন্দেহজনক মনে হলে নারী পুলিশ সদস্যদের সহায়তায় তাঁর শরীর ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাঁর হেফাজত থেকে ৫টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৯৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

আটককৃত সুরাইয়া পারভীন সুমি সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে লবণচরা থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই বিপুল পরিমাণ মারণাস্ত্র কার কাছে এবং কী উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় আটককৃত নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এর সাথে আর কারা জড়িত রয়েছে তা নিশ্চিত করতে অধিকতর তদন্ত শুরু করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category