রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ Time View

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ মাহবুবুর রহমান সজীব (৩১) নামে এক যুবদল নেতাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। বুধবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মাহবুবুর রহমান সজীব বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া এলাকার মৃত হাবিবুর মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বে রয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুর রহমান লিপন।

সেনা সূত্র জানায়, বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল এবং বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালায়।

অভিযানকালে বাজার এলাকা ঘিরে সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হলে তার কাছ থেকে অবৈধ পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসহ আটক ব্যক্তিকে বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা মো. শিমুল মোল্লা জানান, এ ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আসামিকে আদালতে পাঠানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category