রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

জামায়াতের নির্বাচনী জনসভা, আবরার ফাহাদ স্টেডিয়াম জনসমুদ্রে পরিণত

  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়া সফর করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই কুষ্টিয়া শহর ও জনসভাস্থলে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি হাজার হাজার নেতাকর্মীর ঢল লক্ষ্য করা গেছে।

সোমবার সকাল থেকেই কুষ্টিয়ার নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম’ জনসমুদ্রে পরিণত হতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে স্টেডিয়ামের ভেতরের অংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং বিপুল সংখ্যক মানুষকে স্টেডিয়ামের বাইরে অবস্থান নিতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, জনসভাকে কেন্দ্র করে নারী সমর্থকদের মাঝেও ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। স্টেডিয়ামের গ্যালারিতে তাদের জন্য পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। সকাল ১০টার মধ্যেই কয়েক হাজার নারী গ্যালারিতে আসন গ্রহণ করেছেন এবং মূল ফটক দিয়ে এখনো শত শত নারী সমাবেশস্থলে প্রবেশ করছেন।

এর আগে রোববার কুষ্টিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াত জানিয়েছিল, ডা. শফিকুর রহমান আজ সকালে হেলিকপ্টারযোগে কুষ্টিয়া পৌঁছাবেন। তিনি পুলিশ লাইন্সের প্যাডে অবতরণ করে সরাসরি জনসভাস্থলে যাবেন। আমিরে জামায়াত আনুমানিক সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে মঞ্চে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। সমাবেশ শেষে তিনি পুনরায় হেলিকপ্টারযোগে মেহেরপুরের উদ্দেশে রওনা দেবেন।

কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর জানান, সমাবেশের জন্য মঞ্চ নির্মাণ ও নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “জনসভাটি যেন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডা. শফিকুর রহমান আজ একই দিনে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ—এই চারটি জেলা সফর করবেন। গতকালের সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়াদ্দার, শহর আমির এনামুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category