রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

৩ জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ Time View

পহেলা জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের কারণে পিছিয়েছে ঢাকার পূর্বাচলে আয়োজিত ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬।

সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের পরিপ্রেক্ষিতে মেলার আনুষ্ঠানিক উদ্বোধনসহ সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, পূর্বনির্ধারিত ১ জানুয়ারির পরিবর্তে আগামী ৩ জানুয়ারি থেকে মেলার কার্যক্রম শুরু হবে। একই দিন মেলার আনুষ্ঠানিক উদ্বোধনও অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ইপিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শোকাবহ পরিস্থিতির কারণে মেলার উদ্বোধনী অনুষ্ঠান পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে দুই দিন পিছিয়ে ৩ জানুয়ারি সকাল ১০টায় মেলার উদ্বোধন করা হবে। এটি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। মেলার যৌথ আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

ঢাকার উপকণ্ঠ পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলাটি অনুষ্ঠিত হবে। নতুন সময়সূচি অনুযায়ী, প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, পহেলা জানুয়ারি মেলা শুরুর জন্য সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন ছিল বলে গত সোমবার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। রাষ্ট্রীয় শোক পালন শেষে নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী মাসব্যাপী এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category