রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি

  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ Time View

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার ও ইনসাফ কায়েমের দাবিতে দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত ‘শহীদী শপথ পাঠ’ অনুষ্ঠান থেকে এই ঘোষণা দেওয়া হয়।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, শহীদ শরিফ ওসমান হাদির লড়াই ও আদর্শ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দেশব্যাপী দেয়াল লিখন ও গ্রাফিতি কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি এই কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে আব্দুল্লাহ আল জাবের বলেন, “শহীদ শরিফ ওসমান হাদিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। যারা তাকে হত্যা করেছে, তাদের সঙ্গে কোনো ধরনের আপস বা সুশীলতা দেখানো হবে না।”

তিনি আরও জানান, গত সোমবার ঘোষিত তিন দফা দাবি (দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনসহ অন্যান্য) বাস্তবায়ন না হলে আগামী ২৬ ডিসেম্বর পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে আব্দুল্লাহ আল জাবের আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার দেশে ফিরে এই আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করবেন।

শহীদ শরিফ ওসমান হাদির মেজো ভাই শরিফ ওমর বিন হাদি অনুষ্ঠানে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “ওসমান হাদির হত্যার বিচার না হলে আপনাদেরও একদিন দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হবে। জীবিত ওসমান হাদির চেয়ে মৃত ওসমান হাদি আজ অনেক বেশি শক্তিশালী।”

তিনি এই হত্যাকাণ্ডের দায় এড়ানোর সুযোগ নেই উল্লেখ করে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে এক সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর গত ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category