সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

কোনো ফ্যাসিস্ট, চাঁদাবাজ, জুলুমবাজকে ছাড় দেওয়া হবে না: সাদিক কায়েম

  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২২২ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি সাদিক কায়েম বুধবার নিজ জেলা খাগড়াছড়িতে পৌঁছালে গুইমারা–মানিকছড়ি–মাটিরাঙ্গাজুড়ে হাজারো মানুষের ঢল নামে। পথের প্রতিটি স্টেশন মানিকছড়ির নয়াবাজার চেকপোস্ট, মহামুনি বাসস্ট্যান্ড, জালিয়াপাড়া, গুইমারা ও মাটিরাঙ্গা মুখরিত হয়ে ওঠে ফুলেল শুভেচ্ছা ও উৎসবমুখর মোটরসাইকেল শোভাযাত্রায়।

নয়াবাজার ও মহামুনি বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবিরসহ নানা শ্রেণীপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেয়। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ নূর হোসেন, সদর ইউনিটের দায়িত্বশীল মো. জাকির হোসেন শান্ত এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন খোকনসহ শতাধিক নেতাকর্মী।

বিকেলে খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে প্রাক্তন ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাদিক কায়েম বলেন, “আর কোনো ফ্যাসিস্ট, চাঁদাবাজ, জুলুমবাজকে ছাড় দেওয়া হবে না যেই হোক, খাগড়াছড়িতে হউক বা ঢাকায়, জালিমের পতন অনিবার্য।”

তিনি আরও বলেন“পাহাড় থেকেই তৈরি হবে আগামীর নেতৃত্ব। চাঁদাবাজি, নৈরাজ্য ও ফ্যাসিস্টদের দৌরাত্ম্য রুখতে প্রতিটি মানুষকে, আবু সাইদ হয়ে প্রতিবাদী হতে হবে।”

মাদ্রাসায় ছাত্রজীবনের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, “এই মাদ্রাসা থেকেই দেশের নতুন নেতৃত্ব গড়ে উঠবে। ফ্যাসিস্টরা চেষ্টা করেছিল এ প্রতিষ্ঠানকে ধ্বংস করতে, কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।”

শিক্ষার্থীদের নিবিড়ভাবে পড়াশোনায় মনোনিবেশের আহ্বান জানিয়ে তিনি যোগ করেন—“সৎ নেতৃত্ব ছাড়া দেশ এগোয় না। আগামী নির্বাচনই হবে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের দ্বার উন্মোচন।”

জালিয়াপাড়ায় সংক্ষিপ্ত শুভেচ্ছা শেষে গুইমারায় পথসভায় সাদিক কায়েম বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছি। গত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনে দেশ কার্যকর রাষ্ট্রে পরিণত হতে পারেনি।”

তিনি আরও বলেন, “পার্বত্য চট্টগ্রাম প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। সৎ ও দক্ষ নেতৃত্ব এ সম্পদকে দেশের উন্নয়নের শক্তিশালী চালিকাশক্তিতে রূপ দিতে পারে। জনতাকে উদ্দেশ্য করে আমি ঘোষণা দিচ্ছি আমি আপনাদের সন্তান। কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না, অন্যায় দেখলে প্রতিবাদ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় আপনাদের পাশে আছে।”

তিনি অভিযোগ করেন, “ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। পাহাড়ের মানুষের যেকোনো সংকটে আমি পাশে থাকবো।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লেয়াকত আলী চৌধুরী, সভাপতি, বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল মাদ্রাসা (সভাপতিত্ব), উবায়দুর রহমান হাসিব, এজিএস, অমর একুশে হল সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাসান আল বান্না, ভিপি, বিজয় একাত্তর হল সংসদ, মাওলানা আবু ওছমান, অধ্যক্ষ, বায়তুশ শরফ মাদ্রাসা, অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন, আমির, জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা, স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অতিথিকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। চট্টগ্রাম–মানিকছড়ি–গুইমারা–মাটিরাঙ্গা হয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় সাদিক কায়েম পথসভা ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

এক পথসভায় তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে দেশের পিছিয়ে থাকার একমাত্র কারণ সৎ মানুষ নেতৃত্বে না আসা। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ন্যায় ও সততার পক্ষে গণজোয়ার গড়তে হবে। মনে রাখবেন, জালিম যতই শক্তিশালী হোক পতন তাদের হবেই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category