মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

ফেনীর দুটি আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বিএনপির বৈঠক

  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৬৪ Time View

ফেনী–২ (সদর) ও ফেনী–৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মতবিনিময় করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন।

দলীয় সূত্রে জানা যায়, ফেনী–২ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এমএ খালেক, গাজী হাবিব উল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী উপস্থিত ছিলেন।

এছাড়া ফেনী–৩ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহেনা আক্তার শানু, আবদুল লতিফ জনি ও দাগনভূঞা উপজেলা আহ্বায়ক আকবর হোসেন বৈঠকে অংশ নেন।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিচালনা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে বলেন, কোন কোন আসনে দলের প্রার্থী থাকবে এবং কোথাও কোথাও জোটের প্রার্থীকে ছেড়ে দেওয়া হবে। তিনি আরও জানান, সব স্তরে খোঁজখবর নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন কঠিন হবে। সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে জয়ী করতে হবে।” সভায় দলের পরবর্তী কর্মপন্থা ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও দেওয়া হয়।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, “ইতোপূর্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে জেলা নেতাদের বৈঠক হয়েছে। সেসব বৈঠকে তৃণমূল নেতারা বিএনপির প্রার্থী তৃণমূল থেকেই মনোনয়ন দেওয়ার দাবিতে ঐক্যমত হয়েছেন। তৃণমূলের সেই বার্তা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছেছে। আশা করি, তিনি সুবিবেচনা করবেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category