মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪৮ Time View

ফরিদপুরে ভাঙ্গায় দুটি পরিবহন বাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি বাস খাদে পড়ে ঘটনাস্থলে শামসুন্নাহার বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বুধবার দুপুর সাড়ে বারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড সংলগ্ন চুমুরদী ইউপি পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার বেগম উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের স্ত্রী। নজরুল ইসলাম নারায়নগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে কর্মরত আছেন। নিহতের বাড়ি বরিশালের উজিরপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ইউরো পরিবহনের সাথে ঢাকাগামী শ্যামলী পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইউরো পরিবহনটি সড়কের পাশে খাদে পানিতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে শামসুন্নাহার নিহত হন। এতে আহত হন কমপক্ষে ১৫ জন। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম বলেন, ঘটনাস্থলে নিহত একজন নারীর মরদেহ আনা হয়। এছাড়া হাসপাতালে ১১ জনের মতো আহত রোগী আসেন। এর মধ্যে এক জনের অবস্থা গুরুত্বর। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, দুটি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাস সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে এক নারী নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে। তবে এখন মহাসড়কের অবস্থা স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category