মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

নেত্রকোণার কেন্দুয়ায় জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৬

  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৪৬ Time View

নেত্রকোণার কেন্দুয়ায় জামায়াতের নির্বাচনি কমিটি গঠনকে কেন্দ্র করে ইউনিয়ন যুবদল ও জামায়াতের মধ্যে মারামারির ঘটনায় পালটাপালটি অভিযোগ উঠেছে।

শুক্রবার আনুমানিক বিকাল সাড়ে ৪টায় সান্দিকোনা ইউনিয়নের পাটুয়াপাড়া মসজিদ সংলগ্ন উদ্দীপন কোচিং সেন্টারে মারামারির ঘটনায় এ অভিযোগ ওঠে।

মারামারিতে আহত হয়েছেন- সান্দিকোনা ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মাজহারুল ইসলাম (৫৫), কর্মী নয়ন মিয়া এবং বিএনপির ইউনিয়ন যুবদল আহ্বায়ক হাবিবুর রহমান হাবুল মিয়া (৪০), কৃষকদল নেতা নবীজুল, ছাত্রদল নেতা রয়েল মিয়া (২২) ও রামিম (২০)। ইতোমধ্যে মাজহারুল ইসলাম শামীম এবং হাবিবুর রহমান হাবুল কে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে জামায়াতের প্রোগ্রামে আপত্তি জানানোয় যুবদল নেতা হাবিবকে মারধরের অভিযোগে রাত ৯টায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে জামায়াতের শান্তিপূর্ণ নির্বাচনি কমিটি গঠন প্রোগ্রামে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের অতর্কিত হামলার প্রতিবাদে রাত সাড়ে ৯টায় উপজেলা সদরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি মাহাবুবুর রহমান খান মহসিনসহ স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, ইউনিয়ন যুবলীগ নেতা রাজ্জাক মিয়া, মতি মিয়া, রফিক, মুসলেম উদ্দিন, মিজানুর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল কালামসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে ও তাদের পুনর্বাসনের উদ্দেশ্যে জামায়াতের নির্বাচনি প্রোগ্রাম চলাকালে এর প্রতিবাদ করায় উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়। এতে আমাদের ছাত্রদল ও যুবদলের কয়েকজন আহত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. ছাদেকুর রহমান বলেন, নির্বাচনি কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলামসহ নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম চলাকালে যুবদল নেতা হাবিবুর রহমান হাবুলের নেতৃত্বে অতর্কিত হামলা চালায় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানাই ।

কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান (রাত সাড়ে এগারোটায়) মুঠোফোনে জানান, এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এই ঘটনায় আমরা এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category