ফেনী-২ আসনের বিভিন্ন ইউনিয়নের জামায়াত ও ছাত্রশিবিরের জনশক্তিকে নিয়ে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের দারুল ইসলাম সোসাইটি মিলনায়তনে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
সদর উপজেলা আমির মাওলানা নাদেরজ্জামানের সভাপতিত্বে এবং অধ্যাপক শিহাবুদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ এবং জেলা কর্মপরিষদ সদস্য আবু ইউসুফ।
এছাড়া বক্তব্য রাখেন শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও শহর ছাত্রশিবিরের সেক্রেটারি ওমর ফারুক।
প্রধান অতিথি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ সুশাসন, ভোটাধিকার ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। অতীতে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে রাষ্ট্রীয় সংস্কার এবং গণহত্যাকারীদের বিচার অপরিহার্য। তিনি আরও বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন না হলে বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়বে। ইসলামের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন, আমাদের শহীদ নেতৃবৃন্দের রক্ত বৃথা যাবে না। রক্তের প্রতিটি ফোঁটা কথা বলবে ইনশাআল্লাহ। তাঁদের শাহাদাতের বিনিময়ে এদেশে একদিন কালেমার পতাকা উড়বে।