মেক্সিকোর ওকসাকা সমুদ্রসৈকতে নৌকাডুবে আট চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
শুক্রবার (২৯ মার্চ) অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
এর আগে বৃহস্পতিবার গুয়াতেমালার সীমান্তে চিয়াপাস রাজ্য থেকে মেক্সিকানদের একটি নৌকায় যাত্রা করেন তারা। নৌকায় মোট সাতজন নারী ও একজন পুরুষ ছিলেন।
ওকসাকা প্রসিকিউটর অফিস জানিয়েছে, প্লায়া ভিসেন্টে শহরের একটি সমুদ্রসৈকতের কাছে মরদেহগুলো পাওয়া গেছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও নিহতদের শনাক্ত করতে মেক্সিকোতে অবস্থিত চীনা দূতাবাসের সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রসিকিউটর অফিস।
সাম্প্রতিক বছরগুলোয় মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়েই চলেছে। ২০২১ সাল থেকে বর্তমান পর্যন্ত ৬ দশমিক ৩ মিলিয়নেরও বেশি অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। এই সংখ্যাটি ২০১৮ সালে বাড়তে শুরু করে। মূলত মধ্য আমেরিকানরা গ্যাং সহিংসতা, দারিদ্র্য, রাজনৈতিক দমন ও প্রাকৃতিক দুর্যোগসহ জটিল নানা সংকট থেকে বাঁচতে তারা যুক্তরাষ্ট্রে পালাতে চায়।
আমেরিকা মহাদেশের বাইরে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি চীনের নাগরিক। গত বছর যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ৩৭ হাজারের বেশি চীনা নাগরিককে আটক করা হয়, যা দুই বছর আগের তুলনায় প্রায় ৫০ গুণ বেশি।
সূত্র: বিবিসি