ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ড্রোন ও গ্রাউন্ড কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্তত ১০টি ড্রোনে এই হামলা চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, হুথি বিদ্রোহীদের এমন লক্ষ্য বস্তুতে আঘাত হানা হয়েছে, যা লোহিত সাগরে চলাচল করা বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি।বলা হয়েছে এমন পদক্ষেপ ন্যাভিগেশনের স্বাধীনতাকে রক্ষা করবে। তাছাড়া মার্কিন নৌবাহিনীর জাহাজের পাশাপাশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য আন্তর্জাতিক জলসীমা আরও নিরাপদ হবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজসহ সব ধরনের বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সেখানে এই হামলা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। হামলা-পাল্টা হামলার ঘটনায় এরই মধ্যে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে কমে গেছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যে।
হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, আগ্রাসনে অংশ নেওয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধ জাহাজ তাদের মূল লক্ষ্যবস্তু।
ইসরায়েল ও হামাসের মধ্য সংঘাত শুরুর পরই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠী। যদিও এসব হামলার অধিকাংশই ভূ-পাতিত করা হয়েছে। কিন্তু জর্ডানে সবশেষ হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার পাশাপাশি ৩৪ জন আহত হয়েছেন।
এমন পরিস্থিতিতে লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত রাজনৈতিক সহিংসতা তীব্র আকার ধারণ করতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা